সীমান্তে খাদ্য দপ্তর-পুলিশের হানা, বাজেয়াপ্ত রসগোল্লা-দানাদার ও কেমিক্যাল রং
স্বরূপনগরে খাদ্য দপ্তর-পুলিশের যৌথ হানা।মিষ্টি,রসগোল্লা, দানাদার ও কেমিক্যাল রং বাজেয়াপ্ত!অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে ব্যবসায়ীদের নোটিশ,সাত দিনের মধ্যে নথি জমার নির্দেশ।

হাসানুজ্জামান,মানুষের মতামত: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার তেঁতুলিয়া, হঠাৎগঞ্জ-সহ একাধিক এলাকায় শুক্রবার যৌথ অভিযান চালাল খাদ্য দপ্তর ও পুলিশ। মিষ্টির দোকান,রেস্টুরেন্ট ও হোটেলে তল্লাশি চালিয়ে খাদ্যসামগ্রীর গুণমান ও রান্নার পরিবেশ খতিয়ে দেখেন আধিকারিকরা।
অভিযানে রসগোল্লা, দানাদার-সহ বেশ কিছু মিষ্টি এবং খাবারে ব্যবহৃত কেমিক্যাল রং বাজেয়াপ্ত করা হয় বলে জানা গেছে। অস্বাস্থ্যকর পরিবেশে রান্না ও খাদ্যসামগ্রী সংরক্ষণের অভিযোগে একাধিক ব্যবসায়ীকে নোটিশ দেওয়া হয়। সাত দিনের মধ্যে উপযুক্ত নথিপত্র জমা দেওয়ার নির্দেশের পাশাপাশি দোকানেও নোটিশ সাঁটিয়ে দেয় খাদ্য দপ্তর। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্তবর্তী এলাকায় নজরদারি অব্যাহত থাকবে বলে দপ্তর সূত্রে জানানো হয়েছে।
