নিজামবাড়ি চা বাগানে খাঁচাবন্দি বিশাল চিতাবাঘ,আতঙ্কের অবসানে স্বস্তি এলাকাবাসীর
নিজামবাড়ি চা বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ল বিশালাকার চিতাবাঘ।দীর্ঘদিনের আতঙ্কের অবসানে স্বস্তি ফিরেছে এলাকায়,জারি রয়েছে বনদপ্তরের নজরদারি।

তপন রায়,মানুষের মতামত:দীর্ঘদিনের আতঙ্কের অবসান। বনদপ্তরের পাতা খাঁচায় বন্দি হল একটি বিশালাকার চিতাবাঘ। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা নাগাদ নিজামবাড়ি চা বাগান এলাকায় খাঁচায় ধরা পড়ে চিতাবাঘটি।
স্থানীয়দের দাবি, বেশ কিছুদিন ধরেই চা বাগান ও সংলগ্ন এলাকায় চিতাবাঘটির আনাগোনা লক্ষ্য করা যাচ্ছিল। সন্ধ্যার পর ওই এলাকায় চলাফেরা করতে আতঙ্কে থাকতেন বাসিন্দারা। পরিস্থিতি মোকাবিলায় বনদপ্তর নজরদারি বাড়ানোর পাশাপাশি নির্দিষ্ট জায়গায় খাঁচা পাতে।
অবশেষে বৃহস্পতিবার রাতে সেই খাঁচাতেই বন্দি হয় চিতাবাঘটি। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। পরে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘটিকে নিরাপদে নিজেদের হেফাজতে নেন।
চিতাবাঘ ধরা পড়ায় আপাতত স্বস্তি ফিরেছে এলাকায়। তবে আরও কোনও বন্যপ্রাণী রয়েছে কি না, তা খতিয়ে দেখতে বনদপ্তরের নজরদারি জারি রয়েছে।
