বাংলার পর্যটনে নতুন রূপের ডাক,৫০০ কোটির বরাদ্দ!ওয়াটার মেট্রো থেকে মন্দারমণি—একগুচ্ছ বড় পরিকল্পনা
পশ্চিমবঙ্গের পর্যটনকে নতুন করে সাজাতে একগুচ্ছ বড় পরিকল্পনার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার কলকাতার ধনধান্যে প্রেক্ষাগৃহে পর্যটন দফতরের নতুন লোগো প্রকাশ অনুষ্ঠানে ‘দেখব নতুন রূপে, দেখব নতুন চোখে’ স্লোগান সামনে রেখে পর্যটন খাতে ৫০০ কোটি টাকা বরাদ্দের কথা জানান তিনি।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:পাহাড়,সমুদ্র,জঙ্গল ও নদীপথকে কেন্দ্র করে পর্যটনের পরিকাঠামো উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। সুন্দরবন থেকে দার্জিলিং পর্যন্ত পর্যটন লজগুলিকে নতুন করে সাজানোর পাশাপাশি কলকাতায় ওয়াটার মেট্রো চালুর সিদ্ধান্তের কথাও জানান মুখ্যমন্ত্রী। গঙ্গার বুকে পর্যটকদের জন্য নতুন পরিষেবা ও অত্যাধুনিক বোট চালুর পরিকল্পনাও রয়েছে।
মন্দারমণিকে গোয়ার ধাঁচে সাজিয়ে আন্তর্জাতিক মানের সমুদ্র পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েছে সরকার। সুন্দরবনের পরিবেশ রক্ষায় চলতি বছরে ২০ লক্ষ ম্যানগ্রোভ রোপণের ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আগামী ২ অক্টোবর বক্সা ব্যাঘ্র প্রকল্পে বাঘ ছাড়ার পরিকল্পনার কথাও জানান মুখ্যমন্ত্রী।
সরকারের দাবি,নতুন পরিকাঠামো ও প্রকল্পের মাধ্যমে বাংলাকে দেশ-বিদেশের পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলে গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করাই লক্ষ্য।
