দুই হাত নেই,তবু মিলল না রেহাই!আইএসএফ কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
হাড়োয়ায় আইএসএফ কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।প্রতিবন্ধী কর্মীসহ চারজন আহত। ১২ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ,ঘটনার তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ।

হাসানুজ্জামান,মানুষের মতামত:বসিরহাটের হাড়োয়া থানার বকজুড়ি গ্রাম পঞ্চায়েতের খাড়ুবালা গ্রামের ১ ও ২ নম্বর বুথে আইএসএফ কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। আইএসএফ নেতৃত্বের দাবি, দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল কর্মীরা কটূক্তি ও গালিগালাজ করেন। প্রতিবাদ করতেই হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় চার আইএসএফ কর্মী আহত হন। তাঁদের মধ্যে দু’জনের আঙুলে কোপ মারার অভিযোগ রয়েছে।
এছাড়া দুই হাতহীন এক শারীরিক প্রতিবন্ধী আইএসএফ কর্মীর পিঠে ভারী বস্তু দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে। আহতদের উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করানো হয়। ঘটনায় ১২ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আইএসএফ নেতৃত্ব। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
