দেড় লক্ষের অপারেশন,খরচ শূন্য:আয়ুষ্মান কার্ডে নতুন করে হাঁটার আশায় ৭০-র বৃদ্ধ!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় ডুয়ার্সে প্রথম হিপের জটিল অস্ত্রোপচার হয়েছে বলে দাবি চিকিৎসকদের। জলপাইগুড়ি শহর লাগোয়া একটি নার্সিংহোমে সফলভাবে এই অস্ত্রোপচার করা হয়। ক্ষতিগ্রস্ত হিপের বল পরিবর্তন করে দেওয়া হয়েছে রোগীর।
ধূপগুড়ি ব্লকের ডাউকিমারি গ্রামের বাসিন্দা ৭০ বছরের রমানন্দ সরকার হাটে হাটে কলা বিক্রি করে সংসার চালান। দু’দিন আগে শৌচালয়ে যাওয়ার সময় পা পিছলে পড়ে যান তিনি। পরে এক্স-রে করে দেখা যায়, তাঁর হিপ জয়েন্টের বল ভেঙে গিয়েছে। তীব্র ব্যথায় অসুস্থ হয়ে পড়েন তিনি।
পরিবারের দাবি, বিভিন্ন নার্সিংহোমে খোঁজ নিয়ে জানা যায়, অস্ত্রোপচারে প্রায় দেড় লক্ষ টাকা খরচ হতে পারে। আর্থিক সমস্যার কারণে চিন্তায় পড়ে যায় পরিবার। পরে আয়ুষ্মান ভারত কার্ডের কথা মনে পড়ায় তাঁরা তিস্তা নার্সিংহোমে যোগাযোগ করেন।
আয়ুষ্মান প্রকল্পের আওতায় তাঁকে ভর্তি করা হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর অর্থোপেডিক সার্জেন ডঃ কমলেশ বিশ্বাস অস্ত্রোপচার করেন।
চিকিৎসক জানান, অপারেশন সফল হয়েছে। কয়েক দিনের মধ্যেই রোগী ধীরে ধীরে হাঁটতে পারবেন বলে আশা করা হচ্ছে। বিনামূল্যে চিকিৎসা পেয়ে স্বস্তি পেয়েছে পরিবার।
