শুক্রবার, সেপ্টেম্বর 4, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
Newsআন্তর্জাতিক

রাশিয়ার পর এবার ইরান! দিল্লির বিদেশনীতি নিয়ে ক্ষুব্ধ আমেরিকা?রুবিওর বার্তায় বাড়ল কূটনৈতিক চাপ!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: ভারত-আমেরিকা সম্পর্কে টানাপোড়েনের আবহ এবার আরও ঘনীভূত হল ইরানকে ঘিরে। একদিকে শুল্ক নিয়ে ওয়াশিংটনের হুঁশিয়ারি,অন্যদিকে ইরানের সঙ্গে ভারতের কূটনৈতিক যোগাযোগ—সব মিলিয়ে নতুন করে প্রশ্ন উঠছে দিল্লি ও ওয়াশিংটনের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে।

সম্প্রতি সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি,নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য পেজেশকিয়ানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন ইরানের প্রেসিডেন্ট।

এরপরই ইরান নিয়ে ভারতকে সতর্ক করলেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও। তাঁর বক্তব্য, ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে। কোনও দেশেরই সেই নিষেধাজ্ঞা এড়াতে তেহরানকে সাহায্য করা উচিত নয়। ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে ওয়াশিংটনের উদ্বেগের কথাও স্পষ্ট করেছেন তিনি।

বিশেষজ্ঞদের মতে, ইরানের পাশাপাশি রাশিয়ার সঙ্গেও ভারতের কৌশলগত সম্পর্ক আমেরিকার কাছে অস্বস্তির কারণ। তবে দিল্লির অবস্থান বরাবরই—জাতীয় স্বার্থকে সামনে রেখে স্বাধীন বিদেশনীতি বজায় রাখা। ফলে ইরান ইস্যুতে আগামী দিনে ভারত-মার্কিন কূটনীতিতে নতুন সমীকরণ তৈরি হয় কি না,সেটাই এখন দেখার।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।