‘হেলিকপ্টারে ঘুরতে চাই’!টাওয়ারের মাথায় যুবকের আজব দাবিতে তোলপাড় শিলিগুড়ি:শেষমেশ সফল উদ্ধার অভিযান!

তপন রায়,মানুষের মতামত: প্রায় আট থেকে নয় ঘণ্টা মোবাইল টাওয়ারের চূড়ায় থাকার পর অবশেষে নিরাপদে উদ্ধার করা হল ‘বাদশা’ নামে এক যুবককে। বুধবার বিকেলে হাসপাতাল মোড় এলাকায় টাওয়ারের মাথায় তাঁকে দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল, এসডিআরএফ, বনদফতর ও সিভিল ডিফেন্সের দল। সঙ্গে ছিলেন বিশেষ পর্বতারোহীরাও। ড্রোনের সাহায্যে যুবকের গতিবিধিও নজরে রাখা হয়। দীর্ঘক্ষণ বোঝানোর পর তাঁকে নামাতে সক্ষম হন উদ্ধারকারীরা।
জানা গিয়েছে, নিচে নামার আগে যুবক মাংস-ভাত, চকলেট, জুস-সহ নানা খাবার দাবি করেন। এমনকি হেলিকপ্টারে ঘোরানোর দাবিও করেন বলে জানা যায়। শেষপর্যন্ত রাত সাড়ে ১১টা নাগাদ তাঁকে উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়। তাঁর শারীরিক ও মানসিক অবস্থা পরীক্ষা করা হচ্ছে। উদ্ধার অভিযানে পর্বতারোহী ও উদ্ধারকারী দলের সাহসিকতার প্রশংসা করেছে পুলিশ।
