প্লাবিত ঘাটাল, বাড়ছে বন্যার জল!ডুবল রাজ্য সড়ক,নৌকোয় যাতায়াত!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:নিম্নচাপের জেরে টানা বৃষ্টি এবং জলাধার থেকে জল ছাড়ায় শিলাবতী নদীর জলস্তর বেড়ে প্লাবিত ঘাটালের বিস্তীর্ণ এলাকা। ঘাটাল শহরের পাশাপাশি গ্রামীণ নিচু এলাকাতেও ঢুকেছে জল। ডুবে গিয়েছে রাস্তাঘাট, চাষের জমি এবং রাজ্য সড়কের একাংশ। কোথাও আবার জল পেরিয়ে নৌকা ও ডিঙির সাহায্যে চলছে যাতায়াত।
ঘাটাল পুরসভার ১ থেকে ১০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জল ঢুকেছে। ২ নম্বর ওয়ার্ডের আড়গোড়া এলাকায় রাজ্য সড়ক জলের তলায় চলে যাওয়ায় সারি সারি দোকানও প্লাবিত হয়েছে। ঘাটাল ব্লকের অজবনগর ১ ও ২ গ্রাম পঞ্চায়েত-সহ একাধিক নিচু এলাকা ক্রমশ জলমগ্ন হচ্ছে। আরও বৃষ্টি হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের। ফলে বানভাসি মানুষের দুর্ভোগও বাড়ছে।
