গঙ্গার গ্রাসে স্কুল! মালদহে বন্ধ ৯ প্রাথমিক বিদ্যালয়!

প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:গঙ্গা ও ফুলহর নদীর জলস্তর বৃদ্ধিতে ভয়াবহ পরিস্থিতি মালদহে। নদীভাঙন ও জলমগ্নতার জেরে রতুয়া-১ ও মানিকচক ব্লকের ৯টি প্রাথমিক বিদ্যালয়ে আপাতত পঠনপাঠন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিশুদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ জেলা প্রাথমিক শিক্ষা সংসদের। রতুয়ার পশ্চিম রতনপুর প্রাথমিক বিদ্যালয়ের একাংশ নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। জিতুটোলা প্রাথমিক বিদ্যালয়ও প্রায় সম্পূর্ণ নদীতে বিলীন। মণিরামটোলা ও জিয়ারামটোলা স্কুলের পরিস্থিতিও অত্যন্ত উদ্বেগজনক।
মানিকচকের ভাট্টা কার্তিকটোলা, আমিনটোলা, পিয়ারীটোলা, সুকদেবটোলা ও নিউ লুতিহার প্রাথমিক বিদ্যালয়েও জল ঢুকে পড়েছে। বিকল্প স্কুলে পড়াশোনা চালানোর চেষ্টা চলছে। নদীভাঙনে হারিয়ে যাওয়া স্কুলগুলির জন্য সরকারি জমিতে নতুন ভবন তৈরির প্রস্তাব পাঠানোর উদ্যোগও নেওয়া হচ্ছে।
