গোয়েন্দা অফিসের নাকের ডগায় চোরের হানা!ভাঙড়ে বড়ালিঘাটে পরপর দুই দোকানে লুট!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অফিসের পাশেই পরপর দুটি দোকানে দুঃসাহসিক চুরির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল ভাঙড়ের বড়ালিঘাটে। বাসন্তী হাইওয়ের ধারে ওই এলাকায় ঘণ্টাখানেকেরও বেশি সময় ধরে চোরেরা তাণ্ডব চালায় বলে অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, একটি সাইবার ক্যাফে এবং রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা কেন্দ্রে হানা দেয় দুষ্কৃতীরা। দেওয়াল ভাঙার পাশাপাশি শাটারের গার্ডও ভেঙে দোকানে ঢুকে জিনিসপত্র লুট করা হয়।
ঘটনার পর ক্ষোভে ফুঁসছেন ব্যবসায়ীরা। তাঁদের প্রশ্ন, গোয়েন্দা দফতরের মতো গুরুত্বপূর্ণ জায়গার পাশে এমন ঘটনা কীভাবে ঘটল? খবর পেয়ে ভাঙড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দোকান মালিক শরিফুল পাহাড় ও মিজানুর রহমানের সঙ্গে কথা বলে। দুই ব্যবসায়ী লিখিত অভিযোগ দায়ের করেছেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।
