রিসর্টের রান্নাঘরে প্রশাসনের হানা,বেরিয়ে এল মেয়াদোত্তীর্ণ ও নষ্ট খাবারের অভিযোগ!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: পর্যটকদের খাবারের গুণমান ও সরকারি বিধি মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে লাটাগুড়ির একাধিক বেসরকারি রিসর্টে আচমকা অভিযান চালাল জলপাইগুড়ি জেলা প্রশাসন। মাল মহকুমাশাসক উৎকর্ষ খান্ডালের নেতৃত্বে প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা রিসর্টগুলির রান্নাঘর, খাদ্য সংরক্ষণ ব্যবস্থা ও ব্যবহৃত সামগ্রী পরীক্ষা করেন।
প্রশাসন সূত্রে অভিযোগ, কয়েকটি রিসর্টে মেয়াদ উত্তীর্ণ খাদ্যসামগ্রী ও নষ্ট খাবার পাওয়া গিয়েছে। কিছু খাদ্যসামগ্রীর নমুনায় পোকা থাকার অভিযোগও উঠেছে। রান্নার কাজে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার ব্যবহার, খাবার সংরক্ষণ এবং পরিবেশনের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম মানা হচ্ছে কি না, তাও খতিয়ে দেখা হয়।
অভিযানে ছিলেন ক্রান্তির বিডিও রিমিল সোরেন, খাদ্য দপ্তরের আধিকারিক নওমা লেপচা এবং পুলিশ আধিকারিক তেনজিং ভুটিয়া-সহ অন্যান্যরা। গরুমারা-কেন্দ্রিক জনপ্রিয় এই পর্যটনকেন্দ্রে প্রতিদিন বিপুল পর্যটকের সমাগম হয়। ফলে খাবার নিয়ে ওঠা অভিযোগে প্রশ্ন উঠছে—পর্যটকদের প্লেটে শেষ পর্যন্ত কী পরিবেশন করা হচ্ছে?
