মদ-লটারির দৌরাত্ম্যে ক্ষোভ,লাঠি-ঝাঁটা হাতে পথে মহিলারা! নন্দকুমারে অবৈধ দোকান বন্ধের দাবি!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:মদ ও লটারির দৌরাত্ম্যের প্রতিবাদে লাঠি-ঝাঁটা হাতে পথে নামলেন স্থানীয় মহিলারা। রবিবার সকালে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার ব্যবত্তারহাট এলাকায় এই বিক্ষোভ ঘিরে চাঞ্চল্য ছড়ায়। বিক্ষোভের জেরে কিছুক্ষণ হলদিয়া-মেচেদা রাজ্য সড়কেও যান চলাচল ব্যাহত হয়।

স্থানীয়দের অভিযোগ, বাজার এলাকায় প্রশাসনের নজর এড়িয়ে চার-পাঁচটি অবৈধ মদের দোকান চলছে। ভোর থেকে রাত পর্যন্ত সেখানে মদের কারবার চলে বলে অভিযোগ। পাশাপাশি লটারির নেশায় এলাকার বহু পুরুষ জড়িয়ে পড়ায় সংসারে অশান্তি বাড়ছে এবং রোজগারের টাকা নষ্ট হচ্ছে বলেও অভিযোগ মহিলাদের।
বিক্ষোভের খবর পেয়ে দোকান বন্ধ করে ব্যবসায়ীরা সরে পড়েন বলে দাবি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নন্দকুমার থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।
