প্রবল বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, অল্পের জন্য রক্ষা পরিবার!
আবাস যোজনার বাড়ি না মেলার অভিযোগ, অসহায় কৃষক পরিবারের পাশে থাকার আশ্বাস বিজেপির
নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:প্রবল বৃষ্টির জেরে হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা মাটির বাড়ি। ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক কৃষক পরিবার। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা-১ ব্লকের জাড়া গ্রাম পঞ্চায়েতের শোলা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শোলার বাসিন্দা কৃষক হারাধন রায় তাঁর স্ত্রী ও দুই প্রতিবন্ধী সন্তানকে নিয়ে ওই মাটির বাড়িতে থাকতেন। বাড়ির অবস্থা খারাপ বুঝতে পেরে পরিবারের সদস্যরা আগেই বাইরে বেরিয়ে আসেন। এরপরই প্রবল বৃষ্টিতে মাটি নরম হয়ে বাড়িটি ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায় বাড়ির আসবাবপত্র।
স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূল আমলে আবাস যোজনার বাড়ির জন্য আবেদন করেও সুবিধা পাননি পরিবারটি। প্রশাসনের কাছে বিষয়টি জানিয়ে দ্রুত সরকারি বাড়ির ব্যবস্থা করার আশ্বাস দিয়েছে বিজেপি নেতৃত্ব।
