কোর্টের নির্দেশে স্কুল ভাঙা,বৃষ্টির মধ্যে তিরপলের তলায় ক্লাস! চরম বিপাকে ১৩০ পড়ুয়া!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত: কলকাতা হাইকোর্টের নির্দেশে গত শনিবার পাঁশকুড়ার বাহারপোতা এক নম্বর প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৭০ শতাংশ ভবন ভেঙে দেওয়া হয়েছে। ১১৫ বছরের পুরনো এই স্কুলের জমি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছিল। ভবন ভাঙার পাশাপাশি পড়ুয়াদের শৌচাগার, জলের সাবমারসিবলও ভেঙে দেওয়া হয়েছে। ফলে প্রায় ১৩০ জন পড়ুয়া চরম সমস্যায় পড়েছে। সোমবার সকাল থেকে বৃষ্টির মধ্যেই তিরপল টাঙিয়ে চলছে ক্লাস। জল-কাদার মধ্যে বসেই পড়াশোনা করতে হচ্ছে ছাত্রছাত্রীদের। শৌচাগার না থাকায় সমস্যায় পড়েছে তারা। শিক্ষক-শিক্ষিকারাও বৃষ্টিতে ভিজে ক্লাস নিতে বাধ্য হচ্ছেন। একইসঙ্গে মিড-ডে মিল রান্না এবং পানীয় জলের ব্যবস্থাতেও তৈরি হয়েছে সমস্যা। দ্রুত বিকল্প পরিকাঠামোর দাবি জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
