মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা, তবুও শেষ রক্ষা নয়! ভগ্নপ্রায় মাটির বাড়ি চাপা পড়ে মৃত্যু বাবা-মেয়ের!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত: অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ভগ্নপ্রায় মাটির বাড়ি ধসে মর্মান্তিক মৃত্যু হল একই পরিবারের বাবা ও মেয়ের। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের জাহালদা এলাকার। জানা গিয়েছে, নিরঞ্জন প্রধানের (৯৫) মাটির বাড়িটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। নতুন সরকারি পাকা বাড়ির জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল বলেও স্থানীয় সূত্রে খবর। এমনকী মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টাও হয়েছিল বলে দাবি পরিবারের।
স্থানীয় সূত্রে জানা যায়, বিজেপির পক্ষ থেকে পরিবারটিকে ত্রিপল-সহ ত্রাণসামগ্রী দেওয়া হয়েছিল। প্রশাসনের তরফে বাড়িটি সার্ভে করে সরকারি আবাসন দেওয়ার প্রক্রিয়াও চলছিল। কিন্তু তার আগেই গভীর রাতে বাড়ির একাংশ ধসে চারজন চাপা পড়েন। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে নিরঞ্জন প্রধান ও তাঁর মেয়ে দুর্গা প্রধানকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি দু’জনের চিকিৎসা চলছে।
