NewsPublic Interest NewsRecent News

নাবালিকাকে ধর্ষণের অভিযোগে উত্তাল বেলপাহাড়ি,অভিযুক্ত টোটো চালক রূপ কুমার দাসের ফাঁসির দাবিতে রাজ্য সড়ক অবরোধ!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:এক নাবালিকা আদিবাসী স্কুলছাত্রীকে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে উত্তাল হয়ে উঠল বেলপাহাড়ি। অভিযুক্তের ফাঁসির দাবিতে রবিবার সকাল ১০টা থেকে বেলপাহাড়ি ব্লকের এঠেলা মোড়ে ৯ নম্বর শিলদা–বাঁকুড়া রাজ্য সড়ক অবরোধ করেন আদিবাসী সম্প্রদায়ের বহু মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষোভকারীদের ভিড়ও বাড়তে থাকে। রাস্তায় টায়ার জ্বালিয়ে চলে প্রতিবাদ। ফলে গুরুত্বপূর্ণ ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়।

অভিযোগ,গত রবিবার স্থানীয় টোটোচালক রূপকুমার দাস নাবালিকাকে টোটোয় তুলে জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই দিনই বেলপাহাড়ি থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন। তবে দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে এদিন পথে নামেন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারীদের দাবি, দোষ প্রমাণিত হলে অভিযুক্তকে ফাঁসি দিতে হবে। অবরোধের জেরে সড়কের দু’দিকে বহু যানবাহন আটকে পড়ে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *