পারিবারিক বিবাদের জের? পাথুরিয়াঘাটায় ভায়রা ভাইকে গুলি, পলাতক ‘খরগোশ’

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:মধ্যরাতে গুলির শব্দে আতঙ্ক ছড়াল উত্তর কলকাতার নর্থ পোর্ট থানা এলাকায়। শনিবার রাত প্রায় ১২টা নাগাদ পাথুরিয়াঘাটার মণ্ডল স্ট্রিটে গুলিবিদ্ধ হন সন্তোষ চৌধুরী। গুরুতর আহত অবস্থায় তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, সন্তোষের পেটে গুলি লেগেছে। অভিযোগ, তাঁকে খুব কাছ থেকে গুলি করে স্কুটিতে চেপে পালিয়ে যায় কার্তিক সংকার ওরফে ‘খরগোশ’। ঘটনার পর থেকেই সে পলাতক।
স্থানীয় সূত্রের দাবি, সন্তোষ ও কার্তিক সম্পর্কে ভায়রা ভাই। কার্তিকের সঙ্গে তাঁর স্ত্রীর দীর্ঘদিন ধরে পারিবারিক বিবাদ চলছিল। সেই বিবাদকে কেন্দ্র করে পরিবারের অন্য সদস্যদের সঙ্গেও অশান্তি তৈরি হয়েছিল। তারই জেরে সন্তোষের উপর হামলা চালানো হয়েছে বলে পরিবারের অভিযোগ। প্রত্যক্ষদর্শীদের দাবি, কার্তিক এলাকায় এসে পরপর কয়েক রাউন্ড গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় সন্তোষ মাটিতে লুটিয়ে পড়েন। পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে।
