নেপাল-বিপর্যয়ে নিখোঁজ বাংলার নাগরিকরা,উদ্ধারে সরাসরি নজর মুখ্যমন্ত্রীর!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: নেপালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও নিখোঁজ পশ্চিমবঙ্গের নাগরিকদের পরিবারের সঙ্গে ভবানী ভবন থেকে ভিডিও কনফারেন্সে কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁদের নিরাপদে ফিরিয়ে আনতে রাজ্য সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বলে পরিবারগুলিকে আশ্বস্ত করেন তিনি।
তীর্থযাত্রা,পর্যটন কিংবা কর্মসূত্রে পশ্চিমবঙ্গ থেকে নেপালে যাওয়া যাঁরা এই দুর্যোগের মুখে পড়েছেন অথবা যাঁদের এখনও খোঁজ পাওয়া যায়নি,তাঁদের পরিজনদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাস এবং নেপাল প্রশাসনের সঙ্গে রাজ্য সরকার নিরন্তর যোগাযোগ রেখে চলেছে।
মুখ্যমন্ত্রী বলেন, “প্রতিটি সহনাগরিকের পরিবারের মতো আমরাও তাঁদের প্রত্যেকের জন্য উদ্বিগ্ন। এই দুঃসময়ে পশ্চিমবঙ্গ সরকার প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সর্বতোভাবে রয়েছে।”
প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি জানান, আটকে পড়া নাগরিকদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে প্রশাসন সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
