১৪ চাকার ট্রাকে ২২ মহিষের বাছুর, ফাঁসিদেওয়ায় ধৃত চালক!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: ফাঁসিদেওয়ার বিজলিমণি এলাকায় একটি ১৪ চাকার ট্রাক থেকে ২২টি মহিষের বাছুর উদ্ধার করল পুলিশ। বৈধ নথি ছাড়া পশু পরিবহণের অভিযোগে ট্রাকটি বাজেয়াপ্ত এবং চালককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বেলা প্রায় ১১টা ৫৫ মিনিটে নাকা তল্লাশির সময় ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের কাছে ট্রাকটি আটক করা হয়। অভিযানে ছিলেন বিধাননগর আইসি-র এসআই রাকেশ ব্রহ্ম ও অন্য পুলিশকর্মীরা। তল্লাশিতে ট্রাকে বিভিন্ন বয়স ও আকারের বাছুরগুলি পাওয়া যায়।
পুলিশের দাবি, পশু কেনার নথি, পরিবহণের অনুমতিপত্র, গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র এবং পশুগুলির স্বাস্থ্যসংক্রান্ত শংসাপত্র দেখাতে পারেননি চালক। ভিডিওগ্রাফি করে ট্রাক ও বাছুরগুলি বাজেয়াপ্ত করা হয়। ধৃত মুশারুপ হক (২৭) অসমের বরপেটা জেলার খৈরবাড়ি এলাকার বাসিন্দা।
উদ্ধার হওয়া বাছুরগুলিকে নিরাপদ হেফাজতে বিজলিমণির খোঁয়াড়ে রাখা হয়েছে। উপযুক্ত ধারায় মামলা রুজুর প্রক্রিয়া শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পশুগুলি কোথায় এবং কী উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় অন্য কারও যোগ রয়েছে কি না, সেই বিষয়েও তদন্ত চালাচ্ছে পুলিশ।
