NewsPublic Interest NewsRecent News

হড়পা বানের তাণ্ডবে নেপালে যোগাযোগহীন বাংলার ৩২,নবান্নে কন্ট্রোল রুম!

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:নেপাল–তিব্বত সীমান্তে ভয়াবহ হড়পা বানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পশ্চিমবঙ্গের ৩২ জন পর্যটকের সঙ্গে। তাঁদের অধিকাংশ কলকাতা ও চন্দননগরের বাসিন্দা এবং একটি পর্যটন সংস্থার মাধ্যমে কৈলাস–মানস সরোবর যাত্রায় গিয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বুধবার রাত থেকেই নবান্নে কন্ট্রোল রুম চালু করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে নেপাল সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে রাজ্য প্রশাসন। ইতিমধ্যে কয়েক জন পর্যটকের পরিবারের সঙ্গেও কথা বলেছেন সরকারি আধিকারিকেরা। তাঁদের নিরাপদে ফেরাতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

কলকাতা, শিলিগুড়ি, দুর্গাপুর, খড়্গপুর, তারকেশ্বর, ডায়মন্ড হারবার, বারুইপুর ও বসিরহাটের একাধিক পরিবারের দাবি, বিপর্যয়ের পর থেকেই প্রিয়জনদের ফোন বন্ধ। মানসকুমার ঘোষ ও দীপালি সরকার, খড়্গপুরের স্বপনকুমার সিংহ, তারকেশ্বরের স্নেহাশীষ দত্ত এবং বসিরহাটের স্বপন ও মৌ মণ্ডলের পরিবারও যোগাযোগ না পাওয়ার কথা জানিয়েছে। এই মুহূর্তে শেষ ফোনালাপের স্মৃতিই যেন তাঁদের একমাত্র ভরসা হয়ে রয়েছে।

রাস্তা, সেতু ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। দুর্গত এলাকায় বহু ভারতীয় ও বিদেশি পর্যটকের সন্ধানে তল্লাশি চলছে। রাজ্যের পরিবারগুলির এখন একটাই অপেক্ষা—দ্রুত খোঁজ মিলুক নিখোঁজদের, নিরাপদে ঘরে ফিরুন সকলে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *