পুজো কমিটি নিয়ে বিবাদের পর কুপিয়ে বিজেপি কর্মী খুন!পরিবারের অভিযোগ প্রাক্তন দলীয় নেতার বিরুদ্ধেই!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে বিজেপি কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম বাপি প্রামাণিক। স্থানীয় সূত্রে খবর, উত্তর ট্যাঙ্গারবেড়িয়া এলাকায় একটি দুর্গাপুজো কমিটির নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা নিয়ে গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। রবিবার রাতে সেই বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।
পরিবারের অভিযোগ, রাতে ফোন করে বাপিকে বাড়ির বাইরে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। পরে তাঁর মৃত্যু হয়। ঘটনায় সাসপেন্ড হওয়া বিজেপি নেতা সুজন মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে পরিবার। তাঁদের দাবি, সুজনের পরিকল্পনায় তৃণমূল-ঘনিষ্ঠ দুষ্কৃতীরা হামলা চালায়। যদিও জেলা বিজেপি নেতৃত্ব জানিয়েছে, সুজনকে আগেই দল থেকে নিলম্বিত করা হয়েছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
