‘ফুটপাথ হাঁটার জন্য, বসবাসের নয়,শহর বদলাতে কড়া সিদ্ধান্ত লাগবেই’:উচ্ছেদ বিতর্কে কড়া বার্তা অগ্নিমিত্রার!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:শহরের ফুটপাথ দখলমুক্ত করা নিয়ে বিতর্কের মধ্যেই কড়া অবস্থান নিলেন নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর দাবি, কোনও শিশুর মুখের দুধ কেড়ে নেওয়া হয়নি, বরং বিপজ্জনক জায়গা থেকে সরে যেতে বলা হয়েছে। ব্যস্ত রাস্তায় শিশুদের হামাগুড়ি দেওয়ার দৃশ্য যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ডেকে আনতে পারে বলেও সতর্ক করেন তিনি।
অগ্নিমিত্রার বক্তব্য, ফুটপাথ গরিব বা বড়লোক কাউকে আলাদা করে চেনে না—তা পথচারীদের চলাচলের জন্য। সুপ্রিম কোর্টের নির্দেশের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ফুটপাথকে হাঁটার উপযোগী রাখতেই হবে।
বিরোধীদের আক্রমণ করে মন্ত্রীর অভিযোগ, ফুটপাথ থেকে হকার সরানো হোক, বেআইনি পার্কিং বন্ধ করা হোক কিংবা দখলমুক্তির অভিযান—প্রতিটি ক্ষেত্রেই বাধা তৈরি করা হচ্ছে। তাঁর কথায়, “বিরোধীদের সুবিধা-অসুবিধা দেখে সরকার কাজ করবে না।”
শহরের পরিকাঠামো উন্নয়নকে শিল্প ও বিনিয়োগের সঙ্গেও যুক্ত করেছেন অগ্নিমিত্রা। তাঁর মতে, নতুন শিল্পপতিরা শহরে এসে যদি যানজট, বেহাল রাস্তা ও বিশৃঙ্খল পরিবেশ দেখেন, তা বিনিয়োগের পথে বাধা হতে পারে।
রাস্তা ও নিকাশি সংস্কারের কাজ চলছে জানিয়ে মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী অক্টোবরের মধ্যে সমস্ত রাস্তা মেরামতের নির্দেশ দিয়েছেন। গত ১৫ বছরের সমস্যা ১০০ দিনে মেটানো সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে তাঁরা দায়বদ্ধ এবং সাধারণ মানুষের সমর্থন পাবেন বলেই আশা প্রকাশ করেন অগ্নিমিত্রা পাল।
