ছাদে ইয়াবা সেবনে বাধা, রংপুরে শিক্ষক-সহ গোটা পরিবারকে খুন! ধৃত দুই যুবক মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:বাংলাদেশের রংপুরে একই পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস। পুলিশের দাবি, ছাদে ইয়াবা সেবন করতে দেখে ফেলাই এই হত্যাকাণ্ডের সূত্রপাত।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে প্রতিবেশী একটি নির্মীয়মাণ ভবন হয়ে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে ওঠে অভিযুক্তরা। সেখানে ইয়াবা সেবনের সময় গণপতি তাঁদের দেখে ফেলেন এবং বাধা দেন। এরপর প্রথমে তাঁকে হত্যা করা হয় বলে অভিযোগ। ঘটনা ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী এবং ছেলে আয়ুশ চক্রবর্তী প্রিয়মকেও একে একে হত্যা করা হয় বলে দাবি তদন্তকারীদের।
পুলিশের আরও দাবি, হত্যাকাণ্ডকে ডাকাতির ঘটনা বলে দেখানোর চেষ্টা করা হয়েছিল। বাড়ির জিনিসপত্র ছড়িয়ে দেওয়া হয় এবং স্বর্ণালঙ্কারও নিয়ে যাওয়া হয়। এমনকি আলামত নষ্ট করতে মোবাইল ফোন ডিটারজেন্ট মেশানো জলে ভিজিয়ে রাখা হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে।
রবিবার সাংবাদিক বৈঠকে রংপুর মেট্রোপলিটন পুলিশ জানায়,মুগ্ধ ও সিদ্ধার্থকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘটনার পিছনে অন্য কেউ জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
