NewsPolitics

চার বছরের ডিগ্রি, শিল্পমুখী পাঠ:জাতীয় শিক্ষানীতি রূপায়ণে টাস্ক ফোর্স রাজ্যের,—উচ্চশিক্ষায় সংস্কারের নয়া ছক?

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: জাতীয় শিক্ষানীতি ২০২০ রাজ্যের উচ্চশিক্ষায় কার্যকর করতে বিশেষ টাস্ক ফোর্স গঠন করল রাজ্য সরকার। বৃহস্পতিবার উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশিকায় ‘স্টেট-লেভেল জাতীয় শিক্ষানীতি ২০২০ ইমপ্লিমেন্টেশন টাস্ক ফোর্স’-কে উচ্চশিক্ষা সংস্কারের মূল সমন্বয়কারী সংস্থার দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্যের ৩১টি সরকার পোষিত বিশ্ববিদ্যালয় এবং ৫০০-র বেশি সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে নীতি রূপায়ণে নজরদারি করবে এই টাস্ক ফোর্স।

চার বছরের স্নাতক, ক্রেডিট ট্রান্সফারে জোর:- চার বছরের স্নাতক পাঠক্রমকে সুসংহত করা, ‘মাল্টিপল এন্ট্রি-মাল্টিপল এক্সিট’, অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট এবং এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে ক্রেডিট স্থানান্তরের ব্যবস্থা কার্যকর করাই অন্যতম লক্ষ্য। বিভিন্ন কলেজে মাল্টিডিসিপ্লিনারি ইলেকটিভ চালুর রূপরেখাও তৈরি হবে।

শিল্পের সঙ্গে পড়াশোনার যোগ:- উচ্চশিক্ষাকে কর্মমুখী করতে শিল্প সংস্থার সঙ্গে ইন্টার্নশিপ, শিক্ষানবিশিকে ক্রেডিটের আওতায় আনা এবং চাকরির বাজার অনুযায়ী পাঠ্যক্রম বদলের উপর জোর দেওয়া হয়েছে। টাস্ক ফোর্সে শিল্পমহলের প্রতিনিধিরাও থাকবেন।

ছোট কলেজকে মেন্টর করবে বড় প্রতিষ্ঠান:- পিছিয়ে থাকা ও ছোট কলেজের উন্নয়নে ‘ইনস্টিটিউশনাল মেন্টরিং’ চালুর পরিকল্পনা রয়েছে। গবেষণা পরিকাঠামো, শিক্ষক প্রশিক্ষণ, প্রশাসনিক দক্ষতা এবং NAAC/NBA প্রস্তুতিতে বড় প্রতিষ্ঠানগুলি সহযোগিতা করবে। বছরে অন্তত চার বার বৈঠক করে অগ্রগতির রিপোর্ট রাজ্য সরকারকে দেবে টাস্ক ফোর্স।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *