দু’লক্ষ তোলা থেকে ৫০ হাজার লুঠ ব্যবসায়ীর—বসিরহাটে বিজেপি মণ্ডল সভাপতি কুণাল ব্রহ্মর বিরুদ্ধে এফআইআর!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:তোলা না দেওয়ায় এক ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে মারধর এবং নগদ টাকা লুঠের অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার বসিরহাটে। ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে বসিরহাট দক্ষিণের বিজেপি মণ্ডল সভাপতি কুণাল ব্রহ্ম ও তাঁর কয়েকজন অনুগামীর নাম উঠে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, উত্তর বাগুন্ডির বাসিন্দা ওই ব্যবসায়ীর কাছে দীর্ঘদিন ধরে দু’লক্ষ টাকা তোলা দাবি করা হচ্ছিল বলে অভিযোগ। টাকা দিতে অস্বীকার করায় গত ১৮ অগাস্ট বিকেলে বাড়ি ফেরার পথে তাঁর পথ আটকানো হয়।
আক্রান্তের স্ত্রীর দাবি, আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর পর সঙ্গে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। বাধা দিলে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত ব্যবসায়ী বর্তমানে বসিরহাট হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর স্ত্রীর অভিযোগের ভিত্তিতে বসিরহাট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
