অপেক্ষার অবসান?:দিল্লি নয়,জেলাতেই নাগরিকত্ব!সিএএ আবেদনকারীদের জন্য বড় স্বস্তি!

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:সিএএ-র অধীনে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনল কেন্দ্রীয় সরকার। নাগরিকত্ব (তৃতীয় সংশোধনী) বিধি, ২০২৬ অনুযায়ী পশ্চিমবঙ্গ-সহ ৮টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের জেলা কালেক্টর বা জেলাশাসকদের সরাসরি ভারতীয় নাগরিকত্ব দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে।
নতুন ব্যবস্থায় আবেদনকারীর নথিপত্র যাচাই, প্রয়োজনীয় তদন্ত এবং আনুগত্যের শপথ গ্রহণের প্রক্রিয়া জেলা স্তরেই সম্পন্ন হবে। নাগরিকত্ব আইনের ৬বি ধারার শর্ত পূরণ হয়েছে বলে সন্তুষ্ট হলে জেলাশাসক নাগরিকত্ব মঞ্জুর করতে পারবেন। তবে আবেদনকারীকে ব্যক্তিগতভাবে হাজির হয়ে আবেদনপত্রে স্বাক্ষর এবং শপথ নিতে হবে। নির্ধারিত সুযোগের পরও হাজির না হলে আবেদন বাতিল হতে পারে।
এতদিন এই দায়িত্ব মূলত এমপাওয়ার্ড কমিটি ও জেলা স্তরের কমিটির হাতে ছিল। ঝুলে থাকা আবেদনগুলিও এবার সংশ্লিষ্ট জেলাশাসকের কাছে পাঠানো হবে। কেন্দ্রের আশা, এতে নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া দ্রুত হবে। সিদ্ধান্তে মতুয়া সম্প্রদায়-সহ সিএএ আবেদনকারীদের মধ্যে স্বস্তি তৈরি হয়েছে।
