বিকট শব্দে কাঁপল চম্পাহাটি!অবৈধ বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে জখম ২!

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটিতে ফের ভয়াবহ বাজি বিস্ফোরণে চাঞ্চল্য ছড়াল। বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনায় অন্তত দু’জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের পরই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, গোটা এলাকা ঢেকে যায় কালো ধোঁয়ায়।
খবর পেয়ে দমকল পৌঁছলেও ঘিঞ্জি এলাকা ও সরু রাস্তার কারণে বড় গাড়ি ঘটনাস্থলে ঢুকতে পারেনি। শেষ পর্যন্ত স্থানীয়দের সাহায্যে পাশের পুকুর থেকে বালতিতে জল এনে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা।
বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থল ঘিরে ফেলে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নির্জন জমিতে অস্থায়ী ঘর বানিয়ে অবৈধভাবে বাজি তৈরি হচ্ছিল। কীভাবে বিস্ফোরণ ঘটল, সেখানে কতটা দাহ্য পদার্থ মজুত ছিল এবং নিরাপত্তাবিধি মানা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
