শুভেন্দুর প্রশংসার পর শিশির-সাক্ষাৎ,এবার কি পদ্মের পথে প্রাক্তন মন্ত্রী?

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:প্রায় দেড় মাস আগে প্রকাশ্যে বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছা জানিয়েছিলেন তৃণমূলের প্রাক্তন মন্ত্রী ড. সৌমেন মহাপাত্র। এবার স্বাধীনতা দিবসের প্রাক্কালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পিতা শিশির অধিকারীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি। শিশির অধিকারী সৌমেনের মাথায় হাত রেখে আশীর্বাদও করেন।
যদিও সৌমেন মহাপাত্রের দাবি, এই সাক্ষাৎ সম্পূর্ণ সৌজন্যমূলক। প্রতি বছর স্বাধীনতা দিবসের আগে কোনও স্বাধীনতা সংগ্রামীর পরিবারের কাছে গিয়ে আশীর্বাদ নেওয়ার রীতি তাঁর রয়েছে। পাশাপাশি তিনি স্পষ্ট জানিয়েছেন, গত এক বছর ধরে তৃণমূলের সঙ্গে তাঁর বা তাঁর পরিবারের কোনও সম্পর্ক নেই, ভবিষ্যতেও থাকবে না।
এর আগেই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর কাজের প্রশংসা করেছিলেন সৌমেন। বিজেপি চাইলে সাধারণ কর্মী হিসেবেও কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছিলেন তিনি। ফলে শিশির অধিকারীর সঙ্গে এই সাক্ষাৎ ঘিরে তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা নতুন করে তুঙ্গে।
