দমকল সদর দফতর থেকে ৪৫ সেকেন্ডের দূরত্বে মৃত্যুফাঁদ! ৯ প্রাণের পর প্রশ্ন—১০০ দিনেও কেন হল না ফায়ার অডিট?

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডে এক শিশু ও দুই মহিলা-সহ ৯ জনের মৃত্যু ঘিরে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। অভিযোগ, হোটেলটিতে ছিল না পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা, এমনকি প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছিল ব্যবসা। ঘটনার পর থেকেই খোঁজ মিলছে না হোটেল মালিকের।
সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, দমকলের সদর দফতর থেকে মাত্র প্রায় ৪৫ সেকেন্ডের দূরত্বে কীভাবে এত অনিয়মের মধ্যে চলছিল এই হোটেল? এক একটি ফ্লোরে একাধিক হোটেল, খুপরি ঘর, কোথাও ঘরে জানলাই নেই—ভেন্টিলেশনের ভরসা সামান্য ফাঁকফোকর। অথচ এতদিন কেন নজরে এল না বিপদ?
বিজেপির উত্তর কলকাতা সভাপতি তমোঘ্ন ঘোষ জানিয়েছেন, “শুভেন্দু অধিকারীর সরকারে কাউকে ছাড়া হবে না।” তবে বিরোধী আমলের উপর দায় চাপানো নিয়েও প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। তাঁদের বক্তব্য, নতুন সরকার ক্ষমতায় আসার ১০০ দিন পরেও কেন শহরের বিপজ্জনক হোটেলগুলির পূর্ণাঙ্গ ফায়ার অডিট হয়নি?
ঘটনায় নিউ মার্কেট থানা স্বতঃপ্রণোদিত FIR করেছে। অনিচ্ছাকৃত খুন ও অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা রুজু হয়েছে। দমকলের তরফেও পৃথক FIR দায়ের করা হয়েছে। এখন প্রশ্ন—দায় নির্ধারণে আর কত সময় নেবে সরকার?
