কলকাতা বিমানবন্দরের এটিসি বিল্ডিংয়ে আগুন, নিয়ন্ত্রণে দমকল!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:মঙ্গলবার ভোররাতে কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) বিল্ডিংয়ের তিনতলায় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ভোর প্রায় ৪টে নাগাদ কর্মীরা ভবন থেকে আগুনের ফুলকি ও ধোঁয়া বেরোতে দেখেন। কিছুক্ষণের মধ্যেই তিনতলার একাংশে আগুন ছড়িয়ে পড়ে এবং কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা।
প্রথমে বিমানবন্দরে মোতায়েন দমকলের একটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনায় বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতির খবর নেই এবং বিমান চলাচলেও উল্লেখযোগ্য প্রভাব পড়েনি।
প্রাথমিকভাবে দমকলের অনুমান, স্বাধীনতা দিবস উপলক্ষে এটিসি ভবনে লাগানো টুনি লাইটে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। এটিসি ভবন থেকেই বিমান ওঠানামা ও আকাশপথে চলাচল নিয়ন্ত্রণ করা হয়।
