ধর্মতলা পরিষ্কারে কড়া বার্তা শমীকের,‘স্বচ্ছ বাংলা’য় জোর রাজ্য সরকারের!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:ধর্মতলার পরিচ্ছন্নতা নিয়ে কড়া বার্তা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর কথায়, “ধর্মতলা কলকাতার মুখ। ধর্মতলাকে পরিষ্কার করুন। তাহলেই বোঝা যাবে, রাজ্যে নতুন সরকার এসেছে।”
শমীকের অভিযোগ, ধর্মতলার ফুটপাথের একাংশ প্লাস্টিক দিয়ে ঘিরে দখল করে রাখা হয়েছে। এর ফলে আড়ালে চলে যাচ্ছে বহু পুরনো দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে কর দিয়ে ব্যবসা চালিয়ে আসা ব্যবসায়ীদের স্বার্থও সুরক্ষিত করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই ‘স্বচ্ছ বাংলা’ গড়ে তোলার লক্ষ্যে পরিচ্ছন্নতার উপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছিল। এবার সেই উদ্যোগকে আরও কার্যকর করতে রাস্তাঘাটে জমে থাকা নোংরা-আবর্জনা দ্রুত পরিষ্কারের জন্য একটি নতুন অ্যাপ চালুর প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার।
এই পরিস্থিতিতে ধর্মতলাকে দখলমুক্ত ও পরিচ্ছন্ন করতে কাউন্সিলরদের আরও সক্রিয় ভূমিকা নেওয়ার বার্তা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁর বক্তব্য, শহরের প্রাণকেন্দ্রের চেহারা বদলালেই সাধারণ মানুষের কাছে প্রশাসনিক পরিবর্তনের বার্তা স্পষ্ট হবে।
