বাংলাদেশ হয়ে পাকিস্তানে ভারতীয় সিম পাচার? স্বাধীনতা দিবসে পাক-যোগ সন্দেহে বাংলায় গ্রেফতার ৩!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত: স্বাধীনতা দিবসেই বড় সাফল্য রাজ্য পুলিশের এসটিএফ-এর। পাকিস্তানি গুপ্তচর সংস্থার সঙ্গে যোগাযোগের সন্দেহে কোচবিহারের সাহেবগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে তিনজনকে। ধৃতদের নাম রশিদুল হক, নূর নাসিরুদ্দিন আলি ও শফিকুল ইসলাম। শফিকুল বিহারের কিষাণগঞ্জের বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর।
তদন্তকারীদের সন্দেহ, ভুয়ো নথি ব্যবহার করে সংগ্রহ করা ভারতীয় সিম কার্ড চোরাপথে বাংলাদেশে পাঠানো হত। সেখান থেকে সেগুলি পাকিস্তানে পৌঁছত এবং আইএসআই-এর হানিট্র্যাপ নেটওয়ার্কে ব্যবহার করা হত। ভারতীয় নম্বর ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত ব্যক্তিদের টার্গেট করে গোপন তথ্য সংগ্রহের চেষ্টা চলত বলে অভিযোগ।
এসটিএফ সূত্রে আরও দাবি, ধৃতদের জাল নোট ও সীমান্তপারের চোরাচালান চক্রের সঙ্গেও যোগ থাকতে পারে। এই নেটওয়ার্কে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে এসটিএফ।
