ফের বাড়তে পারে রান্নার গ্যাসের দাম,চাপে আমজনতার হেঁশেল!

স্নেহাশীষ মুখার্জী, মানুষের মতামত:দেশের বাজারে ফের গৃহস্থালির রান্নার গ্যাসের দাম বাড়তে পারে, এমন আশঙ্কা ঘিরে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। গত ১০ আগস্ট রাজ্যসভায় কেন্দ্রীয় তেল প্রতিমন্ত্রী সুরেশ গোপী জানান, গৃহস্থালির গ্যাস সরবরাহে ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্থান পেট্রোলিয়াম ও ভারত পেট্রোলিয়ামের সম্মিলিত লোকসানের পরিমাণ ৫৯ হাজার কোটি টাকারও বেশি।
এই বিপুল লোকসান সামাল দেওয়ার উপায় খুঁজতে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি পেট্রোলিয়াম মন্ত্রকের সঙ্গে আলোচনা চালাচ্ছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের অস্থিরতা, ইরান-মার্কিন উত্তেজনা এবং হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহণে জটিলতার কারণে আমদানি খরচ বাড়ছে বলে আশঙ্কা। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধিও চাপ বাড়াচ্ছে।
তবে গ্যাসের দাম বাড়লে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত আর্থিক বোঝা পড়বে, সে বিষয়টি কেন্দ্রও বিবেচনায় রাখছে। অন্যদিকে কংগ্রেস-সহ বিরোধীদের দাবি, সরকার শীঘ্রই রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির পথে হাঁটতে পারে। ফলে মূল্যবৃদ্ধি ঠেকানো যাবে কি না, সেটাই এখন বড় প্রশ্ন।
