২১৫ কর্মীর বেতন ৫১ লক্ষ,১৭ অফিসের ভাড়া ১ কোটি!সুপ্রিম কোর্টে তৃণমূলের হিসাব ঘিরে চাঞ্চল্য!

প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে দলের মাসিক খরচ নিয়ে একাধিক তথ্য উঠে এসেছে। আদালতে পেশ করা হিসাব অনুযায়ী, দলের ২১৫ জন কর্মীর বেতন বাবদ মাসে খরচ হয় ৫১ লক্ষ ২৩ হাজার টাকারও বেশি। পাশাপাশি ১৭টি দলীয় কার্যালয়ের ভাড়া বাবদ প্রতি মাসে প্রায় ১ কোটি টাকা ব্যয়ের কথা জানানো হয়েছে। নিরাপত্তারক্ষী, বিভিন্ন এজেন্সির কর্মী এবং গাড়িভাড়া-সহ অন্যান্য খাতেও উল্লেখযোগ্য অর্থ ব্যয় হয় বলে দাবি।
ইডির তরফে আইনজীবী এসভি রাজু আদালতে জানান, তৃণমূলের মোট ৪২টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সন্ধান পাওয়া গিয়েছে। এর মধ্যে মাত্র ৬টি অ্যাকাউন্ট ফ্রিজ রয়েছে। তাঁর দাবি, ফ্রিজ না থাকা অ্যাকাউন্টগুলি থেকেই দৈনন্দিন খরচ চালানো সম্ভব। এমনকি দুটি অ্যাকাউন্টে অন্তত ১২০ কোটি টাকা রয়েছে বলেও আদালতে দাবি করেন তিনি।
শুনানি শেষে অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত কলকাতা হাই কোর্টের নির্দেশে হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট। তবে দৈনন্দিন খরচের জন্য অর্থ তোলা যাবে এবং সেই ব্যয়ের হিসাব হাই কোর্ট নিযুক্ত স্পেশাল অফিসারকে দিতে হবে। আদালতে উঠে আসা এই বিপুল ব্যয়ের হিসাব ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
