সীমান্তে ‘ল্যান্ড জেহাদ’ রুখতে কড়া আইন! ধর্মান্তরণ ও জমি কেনাবেচায় নতুন পদক্ষেপের ইঙ্গিত শুভেন্দুর!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: সীমান্তবর্তী জেলাগুলিতে অনুপ্রবেশের জেরে জনবিন্যাসের পরিবর্তন এবং জাতীয় নিরাপত্তার সম্ভাব্য ঝুঁকির কথা তুলে ধরে এবার জমি কেনাবেচা ও ধর্মান্তরণ রোধে নতুন আইন আনার ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বাঁকুড়ার প্রশাসনিক সভায় তিনি জানান, হিন্দুদের স্বার্থরক্ষায় তাঁর সরকার ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করেছে এবং বাকি রয়েছে আরও দুটি গুরুত্বপূর্ণ কাজ—ধর্মান্তরণ ও জমি কেনাবেচা সংক্রান্ত আইন প্রণয়ন।
মুখ্যমন্ত্রী বলেন, সীমান্তে বিএসএফকে জমি হস্তান্তর, ওবিসির অবৈধ তালিকা বাতিল, ইমাম-মোয়াজ্জেম ভাতা বন্ধ, গোরক্ষা এবং মহরমে অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞার মতো পদক্ষেপ ইতিমধ্যেই নেওয়া হয়েছে। পাশাপাশি শীঘ্রই অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) কার্যকর হওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
যদিও প্রস্তাবিত জমি আইন সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি, রাজনৈতিক মহলের একাংশের মতে, অসমের আদলে কঠোর আইন আনার সম্ভাবনাই বেশি। অসমে নির্দিষ্ট ক্ষেত্রে ভিন্ন ধর্মাবলম্বীর কাছে জমি বিক্রির আগে সরকারি অনুমতি বাধ্যতামূলক এবং ক্রেতার আর্থিক উৎস ও এলাকার সামাজিক ভারসাম্যের বিষয়টি খতিয়ে দেখা হয়। ওড়িশাতেও অনুরূপ বিধান রয়েছে। সীমান্তবর্তী রাজ্য হিসেবে বাংলাতেও একই ধরনের আইন আনার সম্ভাবনা জোরালো হয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।
