ঘরে ফিরেই জনরোষ! সিতাইয়ে রাত কাটাতে পারলেন না সাংসদ-বিধায়ক দম্পতি জগদীশ-সঙ্গীতা
তাপস চক্রবর্তী,মানুষের মতামত:দীর্ঘদিন পর নির্বাচনী এলাকায় ফিরেও স্বস্তি মিলল না কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া এবং তাঁর স্ত্রী তথা সিতাইয়ের বিধায়ক সঙ্গীতা রায়ের। সোমবার রাতে কড়া পুলিশি নিরাপত্তায় সিতাইয়ের বাড়িতে পৌঁছতেই স্থানীয়দের একাংশ বিক্ষোভে ফেটে পড়েন বলে অভিযোগ। সিতাই বাজার থেকে তাঁদের বাড়ির সামনেও জমায়েত হয়, ওঠে স্লোগান।
পরিস্থিতি সামাল দিতে দ্রুত পুলিশ মোতায়েন করা হয়। কিছু সময়ের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও শেষ পর্যন্ত সিতাইয়ে রাত কাটানোর ঝুঁকি নেননি সাংসদ-বিধায়ক দম্পতি। রাত প্রায় ২টো নাগাদ কড়া নিরাপত্তায় এলাকা ছেড়ে কোচবিহারের ফ্ল্যাটে ফিরে যান তাঁরা।
২০২৪ সালে তৃণমূলের টিকিটে কোচবিহার থেকে জয়ী হন জগদীশ। পরবর্তীতে তাঁর রাজনৈতিক অবস্থান বদল ঘিরে এলাকায় ক্ষোভ বাড়ে। অন্যদিকে সঙ্গীতা রায়ের রাজনৈতিক শিবির বদল নিয়েও শুরু হয়েছে জোর চর্চা। সেই আবহেই সিতাইয়ের এই বিক্ষোভ নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়াল।

