অন্নপূর্ণা,পিঙ্ক কার্ড, রেশন থেকে তোলাবাজি—সরকারের সিদ্ধান্তে বাড়ছে জনঅসন্তোষ!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: পশ্চিমবঙ্গে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পর শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের একাধিক সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই জনমানসে অসন্তোষের সুর শোনা যাচ্ছে। নতুন মন্ত্রিসভায় আদি বিজেপি ও আরএসএস ঘনিষ্ঠদের পাশাপাশি তৃণমূল ও বাম শিবির থেকে আসা একাধিক নেতার জায়গা হয়েছে।
অন্নপূর্ণা যোজনার টাকা ১৭ আগস্ট মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছবে বলে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিলেও, প্রকল্পের শর্ত ও বাস্তবায়ন নিয়ে বিজেপি সমর্থক মহিলাদের একাংশের মধ্যেও প্রশ্ন উঠছে বলে রাজনৈতিক মহলের দাবি।
একইভাবে সরকারি বাসে মহিলাদের বিনা ভাড়ায় যাতায়াতের সিদ্ধান্ত চালুর কিছুদিনের মধ্যেই ১ আগস্ট থেকে তা স্থগিত করে ‘পিঙ্ক কার্ড’ চালুর কথা ঘোষণা করা হয়েছে। সরকারি কর্মী, আয়করদাতা ও আর্থিকভাবে সচ্ছল পরিবারের মহিলাদের এই সুবিধার বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েও বিতর্ক তৈরি হয়েছে।
খাদ্য দপ্তরের কাজকর্ম নিয়েও অভিযোগ বাড়ছে। রেশন কার্ড ব্লক বা বাতিল হওয়ায় বহু গ্রাহককে রেশনিং অফিসে ছুটতে হচ্ছে বলে অভিযোগ।
তবে সরকারের জন্য সবচেয়ে বড় অস্বস্তি তৈরি করেছে বিভিন্ন জেলায় বিজেপির একাংশের বিরুদ্ধে ওঠা তোলাবাজির অভিযোগ। বিরোধী দল থেকে আসা নেতাদের পাশাপাশি আদি বিজেপি এবং সংঘ ঘনিষ্ঠ কিছু ব্যক্তির বিরুদ্ধেও অভিযোগ উঠছে। রাজ্য নেতৃত্ব কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেও তার বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে না বলে দলের একাংশেরই দাবি।
ফলে ক্ষমতায় আসার অল্প সময়ের মধ্যেই বিজেপির একাংশের আচরণ ও প্রশাসনিক সিদ্ধান্তকে কেন্দ্র করে ক্ষোভ বাড়ছে। আর সেই পরিস্থিতিকে কাজে লাগিয়ে নতুন করে সক্রিয় হচ্ছে বিরোধী শিবির।
