ঢাকায় ‘র’-প্রধান পরাগ জৈন,চার সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে সফর,ভারত-বাংলাদেশ সম্পর্কে নতুন কূটনৈতিক বার্তা?

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার আবহেই ঢাকায় পৌঁছেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ‘র’ (রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং)-এর প্রধান পরাগ জৈন। বাংলাদেশের একটি সরকারি সূত্রের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণেই চার সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে এই সফরে গিয়েছেন তিনি। যদিও ভারত বা বাংলাদেশ—কোনও পক্ষই এখনও আনুষ্ঠানিকভাবে সফরের বিস্তারিত জানায়নি।
সূত্রের খবর, পরাগ জৈনের সঙ্গে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি এবং শৈবাল রায় চৌধুরী। রবিবার এয়ার ইন্ডিয়ার একটি বিমানে তাঁরা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছন। ঢাকার একটি হোটেলে প্রতিনিধি দলের থাকার ব্যবস্থা হয়েছে। বাংলাদেশ সফরের আগে পরাগ জৈন চীনেও গিয়েছিলেন বলে জানা যাচ্ছে। কূটনৈতিক মহলের মতে, এই সফর ভারত-বাংলাদেশের নিরাপত্তা সহযোগিতা ও দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ গতিপথে তাৎপর্যপূর্ণ হতে পারে।
সূত্র: দৈনিক ইত্তেফাক
