অভয়ার স্মরণে মুখ্যমন্ত্রী, শ্মশান-রহস্যে নতুন তদন্তের নির্দেশ!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: আরজি করের ভয়াবহ ঘটনার দু’বছর পূর্তিতে ফের অভয়ার স্মরণে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার পানিহাটিতে ড. অভয়া দেবনাথ মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত ‘স্মরণে অভয়া’ অনুষ্ঠানে তিনি সঠিক তদন্ত ও বিচার নিশ্চিত করার আশ্বাস দেন। একই সঙ্গে ঘটনার দিন শ্মশানঘাটে ঠিক কী ঘটেছিল, তার রহস্য উদ্ঘাটনে ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে নতুন করে তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
অভয়াকে ‘বোন’ সম্বোধন করে শুভেন্দু বলেন, দু’বছর আগের সেই ঘটনা স্মরণ করলেই হৃদয় ব্যথাতুর হয়ে ওঠে। সুরক্ষিত জায়গায় এমন বর্বর ঘটনা সভ্য সমাজে অকল্পনীয় বলেও মন্তব্য করেন তিনি। বিচার চেয়ে অভয়ার বাবা-মায়ের দীর্ঘ লড়াইকে সম্মান জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি তৎকালীন সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ঘটনার গুরুত্ব কমিয়ে দেখানোর চেষ্টার তীব্র সমালোচনা করেন। অভয়ার পরিবারকে ১০ লক্ষ টাকা দেওয়ার ঘোষণাকেও এদিন কটাক্ষ করেন শুভেন্দু।
