দিল্লির আন্দোলনের রেশ এবার বাংলায়, কলকাতায় বড় কর্মসূচির প্রস্তুতি!
নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:দিল্লির যন্তর মন্তরে চলমান নিট দুর্নীতি ও প্রশ্ন ফাঁস বিরোধী আন্দোলনের প্রভাব এবার দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে। মুম্বই ও পাটনার পর কলকাতাতেও একই দাবিতে প্রতিবাদ কর্মসূচির প্রস্তুতি শুরু হয়েছে। আগামীকাল কলেজ স্কোয়ার থেকে রানী রাসমণি রোড পর্যন্ত মিছিলের অনুমতি চেয়ে কলকাতার পুলিশ কমিশনারের কাছে ইমেল করেছেন দিতীপ্রিয়া গাঙ্গুলী নামে এক ছাত্রী।
আয়োজকদের দাবি, প্রায় দেড় হাজার মানুষ শান্তিপূর্ণভাবে এই কর্মসূচিতে অংশ নেবেন। তাদের বক্তব্য, শিক্ষা দুর্নীতিতে অভিযুক্ত কোনও রাজনৈতিক দল বা ছাত্র সংগঠনকে এই মিছিলে অংশ নিতে দেওয়া হবে না। এদিকে, সম্ভাব্য কর্মসূচি ঘিরে রাজ্য সরকার ও গোয়েন্দা সংস্থাগুলি তৎপর হয়েছে। রাজ্য গোয়েন্দা দপ্তর মুখ্যমন্ত্রীর কাছে বিশেষ রিপোর্ট পাঠিয়েছে। একইসঙ্গে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাও আন্দোলনের গতিপ্রকৃতির ওপর নজর রাখছে।
রাজনৈতিক সূত্রের দাবি, এসএফআই, আইসা ও ডিএসও-সহ কয়েকটি বামপন্থী ছাত্র সংগঠন আন্দোলনকে সমর্থন জানিয়ে সক্রিয় ভূমিকা নিচ্ছে।

