বঙ্গ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী, উত্তরবঙ্গ থেকে কলকাতা—গুরুত্বপূর্ণ বৈঠকে অমিত শাহ!

প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:তিন দিনের রাজ্য সফরে বাংলায় পা রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ রাতে শিলিগুড়িতে থেকে শনিবার সকালেই শিলিগুড়ির জুমাগাছ সীমান্ত চৌকিতে বিএসএফ-এর ‘প্রহরী সম্মেলন’, বৃক্ষরোপণ এবং একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এরপর শিলিগুড়ির উত্তরকন্যায় টানা তিনটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে তাঁর।
যার মধ্যে এ রাজ্যে নতুন ফৌজদারি আইন কার্যকর করা এবং জন্ম-মৃত্যু নিবন্ধন সংক্রান্ত পর্যালোচনা বৈঠক অন্যতম। শনিবার রাতেই তিনি কলকাতায় পৌঁছাবেন।
রবিবার আলিপুরের ‘সৌজন্য’ গেস্ট হাউসে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
এরপর কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে নবনির্মিত ‘ওয়ার্ড মিউজিয়াম’ (শব্দ জাদুঘর)-এর উদ্বোধন করবেন তিনি। সফরের শেষ লগ্নে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে ‘আমুল বেঙ্গল ডেয়ারি’র নতুন টকদই প্ল্যান্টের শিলান্যাস করবেন অমিত শাহ। রবিবার বিকেলেই তাঁর দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার কথা।
