টেন্ডারে দুর্নীতি রুখতে কড়া রাজ্য,মুখ্যসচিবের পাঁচ দফা নির্দেশিকা জারি!
নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:
সরকারি টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং দুর্নীতির সম্ভাবনা রুখতে কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। সরকারি কাজের টেন্ডার প্রক্রিয়ায় নিয়মানুবর্তিতা বজায় রাখতে পাঁচ দফা নির্দেশিকা জারি করেছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল।
রাজ্যপালের নির্দেশক্রমে জারি হওয়া এই নির্দেশিকার মূল লক্ষ্য হল আর্থিক শৃঙ্খলা বজায় রাখা, টেন্ডার নবীকরণে অনিয়ম রোধ করা এবং প্রতিযোগিতামূলক দরপত্র ব্যবস্থাকে আরও স্বচ্ছ করা।
নির্দেশিকা অনুযায়ী, কোনও চুক্তির মেয়াদ শেষ হওয়ার অন্তত তিন মাস আগে নতুন টেন্ডার আহ্বান করতে হবে। সংশ্লিষ্ট দপ্তরের প্রধান প্রতি মাসে চুক্তিগুলির অগ্রগতি পর্যালোচনা করবেন এবং তার তথ্য অর্থ দপ্তরে পাঠাতে হবে। সময়মতো নতুন টেন্ডার না ডেকে চুক্তি নবীকরণের প্রস্তাব গ্রহণ করা হবে না। অবৈধভাবে টেন্ডার নবীকরণ বা নতুন টেন্ডার জারিতে অযথা বিলম্ব হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
এই নির্দেশিকা রাজ্য সরকারের সব দপ্তর, স্থানীয় প্রশাসন, সরকারি সংস্থা ও বিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হবে। নির্দেশিকা লঙ্ঘিত হলে সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান ও দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের জবাবদিহি করতে হবে এবং প্রয়োজনে তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
