টহলের মাঝেই উদ্ধার অভিযান,রক্তাক্ত দম্পতিকে বাঁচাতে ছুটল বনদপ্তর!
নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:ডুয়ার্সে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বনদপ্তরের কর্মীরা। সোমবার সন্ধ্যায় মহাকাল ধাম সংলগ্ন জঙ্গলের নির্জন রাস্তায় টহল দেওয়ার সময় লাটাগুড়ি রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বাধীন বনকর্মীরা দুর্ঘটনাগ্রস্ত একটি মোটরবাইক এবং রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা এক দম্পতিকে দেখতে পান। এক মুহূর্ত দেরি না করে তাঁরা আহতদের বনদপ্তরের গাড়িতে করে ময়নাগুড়ি ব্লক হাসপাতালে নিয়ে যান। পাশাপাশি মেটেলি ও ময়নাগুড়ি থানায় খবর দেওয়া হয় এবং আহতদের পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়। প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত কামাখ্যা সরকার ও সান্তনা সরকারকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। শিলিগুড়ির বাসিন্দা ওই দম্পতির দুর্ঘটনাগ্রস্ত মোটরবাইকটি লাটাগুড়ি রেঞ্জের হেফাজতে রাখা হয়েছে। বনকর্মীদের দ্রুততা ও মানবিক ভূমিকার প্রশংসায় পঞ্চমুখ স্থানীয় বাসিন্দারা।
