দেবরাজ গ্রেপ্তারের পর অদিতিকে নিশানা তরুণজ্যোতির,’স্ক্রিনশট ফাঁস’ করার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:আয়বহির্ভূত সম্পত্তি, তোলাবাজি ও আর্থিক অনিয়মের মামলায় পুরুলিয়া থেকে তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে এসটিএফ। এর আগে কলকাতা হাই কোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন দেবরাজ ও তাঁর স্ত্রী, প্রাক্তন বিধায়ক তথা কীর্তনশিল্পী অদিতি মুন্সি। আদালত চার মাসের সন্তানের বিষয়টি বিবেচনা করে অদিতিকে অন্তর্বর্তী সুরক্ষা দিলেও দেবরাজের আবেদন খারিজ হয়। গ্রেপ্তারের পর বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি অদিতিকে কড়া ভাষায় আক্রমণ করে দাবি করেন, গানের রিয়ালিটি শোয়ের সময়কার কিছু ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট তাঁর কাছে রয়েছে এবং প্রয়োজনে তা প্রকাশ করবেন। পাশাপাশি তিনি অদিতির আগের একটি মন্তব্য তুলে ধরে প্রশ্ন তোলেন, স্বামীর বিরুদ্ধে অভিযোগ থাকলে নিজেও জেলে যাওয়ার কথা বলেছিলেন, এখন কেন জামিন চেয়েছিলেন? উল্লেখ্য, অদিতি ও দেবরাজের বিরুদ্ধে বেনামে সম্পত্তি হস্তান্তর, সম্পত্তির তথ্য গোপন, তোলাবাজি, সিন্ডিকেট চালানো ও জমি দখলের অভিযোগও সামনে এসেছে।
