ভোরের বজ্রপাতেই ভয়াবহ বিস্ফোরণ! হলদিয়া পেট্রোকেমিক্যালে অগ্নিকাণ্ড!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:হলদিয়ায় ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত হয়েছেন প্রায় ৩৫ জন, তাঁদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। মঙ্গলবার ভোর সাড়ে ৪টা নাগাদ হলদিয়া পেট্রোকেমিক্যালের একটি ন্যাপথা পাইপলাইনে লিক দেখা দেয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাজ পড়ার পরই পাইপলাইন ফেটে ন্যাপথা বের হতে শুরু করে এবং মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। সেই সময় কাজে বেরোতে বা কলকাতাগামী ট্রেন ধরতে ঘর থেকে বের হওয়া বহু মানুষ আগুনে দগ্ধ হন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল, পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। আহতদের প্রথমে হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত ৫ জন-সহ কয়েকজনকে তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে হলদিয়া মহকুমা হাসপাতালেই।
ঘটনাস্থল পরিদর্শন করেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল (প্রদীপ বিজলি)। তিনি আহতদের চিকিৎসার সবরকম ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন। পাইপলাইন ফাটার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে বাজ পড়ার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও হলদিয়া পেট্রোকেমিক্যাল কর্তৃপক্ষ।
