চীন-আমেরিকার দিকে ঝুঁকছে নেপাল?বদলে যাচ্ছে ভূ-রাজনীতির সমীকরণ,বলেন্দ্র শাহকে ঘিরে সক্রিয় দিল্লি!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:নেপালের সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর দক্ষিণ এশিয়ার কূটনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। জেন জি আন্দোলন, রাজা জ্ঞানেন্দ্রপন্থীদের সরকারবিরোধী অবস্থান এবং রাজনৈতিক অস্থিরতার জেরে কে পি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত হয়। প্রথমদিকে এই পরিবর্তনের নেপথ্যে নয়াদিল্লির ভূমিকার জল্পনা ছড়ালেও নতুন প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ক্ষমতায় আসার পর সেই আলোচনা অনেকটাই স্তিমিত হয়েছে।
ক্ষমতায় এসেই বলেন্দ্র শাহ একদিকে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বার্তা দিয়েছেন, অন্যদিকে কালাপানি-সহ সীমান্ত ইস্যুতে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন চেয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। এই অবস্থানকে গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে নয়াদিল্লি। কূটনৈতিক সূত্রের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল নেপালের পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছেন।
এদিকে নেপালের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও ভারতের যোগাযোগ বাড়ানো হয়েছে বলে সূত্রের দাবি। বিদেশ মন্ত্রক, জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দফতর এবং গোয়েন্দা সংস্থাগুলি নেপালের রাজনৈতিক পরিস্থিতির প্রতিটি দিক খতিয়ে দেখছে। দক্ষিণ এশিয়ার কৌশলগত রাজনীতিতে নেপালের এই নতুন অবস্থান আগামী দিনে ভারত-নেপাল সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে।
