থানায় অভিযোগের পরেই কাটমানি ফেরত! জলপাইগুড়িতে লক্ষ লক্ষ টাকা ফিরিয়ে দিচ্ছেন তৃণমূল নেতা!!!

তপন রায়,মানুষের মতামত:থানায় অভিযোগ দায়েরের পরেই বড়সড় মোড় জলপাইগুড়ির আবাস যোজনার কাটমানি কাণ্ডে। জেলার পাটকাটা গ্রাম পঞ্চায়েতের ১৯৬ নম্বর ডাঙ্গাপাড়া বুথে স্থানীয় তৃণমূল নেতা ও গ্রাম পঞ্চায়েত সদস্য সুদীপ বছার উপভোক্তাদের কাছ থেকে নেওয়া লক্ষ লক্ষ টাকার কাটমানি ফেরত দেওয়া শুরু করেছেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে আবাস যোজনার সুবিধা পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়া হয়েছিল। রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর গ্রামবাসীরা প্রতিবাদে সরব হন এবং স্থানীয় বিজেপি নেতৃত্বও তাঁদের পাশে দাঁড়ায়। এরপরই টাকা ফেরানোর উদ্যোগ নেন সুদীপ বছার। দীর্ঘদিন পর নিজেদের অর্থ ফিরে পেয়ে স্বস্তিতে উপভোক্তারা।
তবে পঞ্চায়েত সমিতির সদস্য রাজেশ লাকারার বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ এখনও বহাল। এই অভিযোগে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের হয়েছে। বর্তমানে তিনি পলাতক বলে স্থানীয়দের দাবি। গ্রামবাসীদের আশা, তিনিও দ্রুত তাঁদের বকেয়া টাকা ফিরিয়ে দেবেন।
