Uncategorized

তারাতলা ট্র্যাজেডি: ধসে পড়া গুদামে আটকে বহু শ্রমিক,উদ্ধার অভিযানে ভারতীয় সেনা!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: কলকাতার তারাতলা এলাকার নির্মাণাধীন একটি গুদামের ছাদ ধসে পড়ার ঘটনায় জোরকদমে চলছে উদ্ধার অভিযান। ঘটনাস্থলে প্রথম থেকেই NDRF, SDRF, দমকল ও কলকাতা পুলিশ উদ্ধারকাজে নামলেও পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে এবার ভারতীয় সেনাবাহিনীকেও নামানো হয়েছে। পূর্বাঞ্চলীয় সেনা কমান্ড (Eastern Command)-এর চারটি বিশেষ উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের খোঁজে তল্লাশি শুরু করেছে।

সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার, উদ্ধারকারী কর্মী এবং চিকিৎসক দল আধুনিক সরঞ্জাম নিয়ে উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের তত্ত্বাবধানে NDRF, SDRF ও কলকাতা পুলিশের সঙ্গে সমন্বয় রেখে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের জীবিত উদ্ধারের জন্য প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

ঘটনাস্থলে একাধিক নেতা-মন্ত্রীও পৌঁছে উদ্ধার ও ত্রাণকাজের অগ্রগতি খতিয়ে দেখছেন। প্রশাসনের পক্ষ থেকে আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এখনও কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। সেনাবাহিনী জানিয়েছে, শেষ ব্যক্তিকে উদ্ধার না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। পুরো ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে শহরজুড়ে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *