Feature NewsNewsPoliticsPublic Interest NewsRecent NewsSocial Welfare News

১ লক্ষ চাকরি, ২০% ডিএ, কৃষক-মহিলাদের একাধিক উপহার—রাজ্য বাজেটে চমক শুভেন্দুর!!!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:রাজ্য বাজেট পেশের পর এক গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বাজেটকে “পশ্চিমবঙ্গের বিকাশ ও উত্তরাধিকারের বাজেট” বলে অভিহিত করেন। তিনি জানান, এটি মূলত একটি “আট মাসের বাজেট”, কারণ পূর্ববর্তী সরকারের ভোট-অন-অ্যাকাউন্টের পর আগামী ৩১ মার্চ ২০২৭ পর্যন্ত সময়ের জন্য এই বাজেট পেশ করা হয়েছে। অর্থমন্ত্রী ড. স্বপন দাশগুপ্ত ৪ লক্ষ ৩৮ হাজার কোটি টাকারও বেশি অঙ্কের বাজেট পেশ করেছেন।

মুখ্যমন্ত্রী জানান, কর্মসংস্থানে বিশেষ জোর দিয়ে চলতি অর্থবর্ষে ১ লক্ষ নতুন সরকারি নিয়োগ হবে। এর মধ্যে ২০ হাজার পুলিশ, ৫০ হাজার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মী এবং ৩০ হাজার অন্যান্য পদে নিয়োগ করা হবে। UPSC মডেলে স্বচ্ছ নিয়োগের আশ্বাসও দেন তিনি।

কৃষকদের জন্য ধান ক্রয়ে অতিরিক্ত ২০০ টাকা প্রণোদনা, পিএম-কিষাণের সঙ্গে রাজ্যের আরও ৩ হাজার টাকা সহায়তা এবং কৃষি বিদ্যুতে ইউনিট প্রতি ২ টাকা ছাড়ের ঘোষণা করা হয়েছে। মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারে ৩৬ হাজার কোটি টাকার বরাদ্দ, মাতৃ বন্দনা প্রকল্পে মোট ২১ হাজার টাকা ও পাঁচটি পুষ্টিকর কিট দেওয়ার সিদ্ধান্তও জানানো হয়।

সরকারি কর্মচারীদের জন্য ২০ শতাংশ ডিএ ঘোষণা, সপ্তম বেতন কমিশন গঠনের উদ্যোগ এবং যুবকদের জন্য মাসিক ২ থেকে ৩ হাজার টাকার ভাতার কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

এছাড়া স্বাস্থ্য, শিক্ষা, আইন-শৃঙ্খলা ও পরিকাঠামো উন্নয়নে একাধিক প্রকল্পের ঘোষণা করা হয়েছে। পাঁচটি বৃহৎ সেতু নির্মাণ, নতুন মেডিক্যাল কলেজ, শিল্প বিনিয়োগে বিশেষ ছাড় এবং ১৬ হাজার নতুন কনস্টেবল নিয়োগের পরিকল্পনাও বাজেটের অন্যতম আকর্ষণ। মুখ্যমন্ত্রীর দাবি, এই বাজেট পশ্চিমবঙ্গকে তার হারানো গৌরব ফিরিয়ে আনার পথে এক ঐতিহাসিক পদক্ষেপ।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *