সংবিধান সংশোধনী বিল পাসে মরিয়া বিজেপি, সাংসদ ভাঙাতে দেশজুড়ে তৎপরতা!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:সংসদের আসন্ন বর্ষাকালীন অধিবেশনে না হলেও শীতকালীন অধিবেশনকে সামনে রেখে একাধিক সংবিধান সংশোধনী বিল পাস করাতে মরিয়া কেন্দ্রের বিজেপি নেতৃত্ব। দলীয় সূত্রের দাবি, প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করতে বিভিন্ন আঞ্চলিক দলের সাংসদদের এনডিএ শিবিরে আনার প্রচেষ্টা জোরদার করা হয়েছে।
বিজেপির অন্দরমহলের খবর অনুযায়ী, পশ্চিমবঙ্গে নির্বাচনী ধাক্কার পর তৃণমূল কংগ্রেসে ভাঙন ধরানোর কৌশল নেওয়া হয়েছে। একইসঙ্গে উদ্ধব ঠাকরের শিবসেনা (ইউবিটি), শরদ পাওয়ারের এনসিপি, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, ওয়াইএসআর কংগ্রেস এবং সমাজবাদী পার্টির কিছু সাংসদকেও টার্গেট করা হচ্ছে বলে দাবি। এই দায়িত্বে অমিত শাহের পাশাপাশি দলের একাধিক শীর্ষ সংগঠক সক্রিয় রয়েছেন।
‘এক দেশ, এক ভোট’, লোকসভা আসন পুনর্বিন্যাস (ডিলিমিটেশন), সংসদীয় আসন সংখ্যা বৃদ্ধি এবং মহিলা সংরক্ষণ আইন কার্যকর করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে প্রয়োজনীয় সমর্থন জোগাড়ই মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে। সূত্রের দাবি, দক্ষিণ ভারতেও রাজনৈতিক সমীকরণ বদলাতে বিজেপির তরফে নেপথ্যে যোগাযোগ বাড়ানো হয়েছে।
যদিও এসব দাবির সত্যতা নিয়ে এখনও কোনও সরকারি নিশ্চিতকরণ নেই। তবু শীতকালীন অধিবেশন ঘিরে জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণের জল্পনা ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে।
